শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না নিয়ে সিজারিয়ান অপারেশনসহ সব ধরনের কার্যক্রম পরিচালনার অপরাধে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী শহরের উত্তর বাজারের ওই হাসপাতালটি সিলগালা করা হয়।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন, ভারপ্রাপ্ত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
জানা গেছে, কিছুদিন ধরে একটি ভবন ভাড়া নিয়ে মায়ান জেনারেল হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি। অনুমোদনহীন এ হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য চিকিৎসাসেবা কার্যক্রম চলছিল-এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে।
এর আগে, গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজার করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল ও পরে নেক্সাস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার বিকেল থেকেই মায়ান জেনারেল হাসপাতালটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাসপাতালটির মালিক নির্লব হাসান মিন্টু বলেন, আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি। এটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। তবে, আমাদের হাসপাতাল থেকে কোনো রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে হাসপাতালের অনুমোদনের কোনো কাগজ পাইনি, তাই সিলগালা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল অনুমোদন ছাড়া এ হাসপাতালটি পরিচালিত হচ্ছে। আজ বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। জেলার সব অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকে জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।
শাকিল মুরাদ/নাঈম