‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’–বিশ্বকবির এই অমিয় বাণীর অন্তর্নিহিত শক্তিকে ধারণ করে নতুন বছরকে বরণের প্রস্তুতি নিচ্ছে ছায়ানট। এবারের পহেলা বৈশাখে নির্ভয়ে পথচলা আর অসাম্প্রদায়িক চেতনার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাঙালির অন্যতম এই সাংস্কৃতিক বিদ্যাপীঠ।
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ছায়ানটের বিস্তারিত পরিকল্পনা ও মূল ভাবনা তুলে ধরেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। তিনি খবরের কাগজকে বলেন, ‘আমরা নির্ভয়ে মাথা উঁচু করে থাকতে চাই, গাইতে চাই–এটিই আমাদের এবারের মূল চাওয়া। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা দমে যাইনি, বরং সংহতি সমাবেশের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে ঘুরে দাঁড়িয়েছি।’
ভোরের সুর আর আলোর আবাহনে বরাবরের মতোই সাজানো হয়েছে ছায়ানটের প্রভাতী আয়োজন। রমনা বটমূলের এই অনুষ্ঠানে এবার যোগ হয়েছে বিশেষ মাত্রা। প্রখ্যাত গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে তার গান অন্তর্ভুক্ত থাকছে এবারের তালিকায়। একই সঙ্গে পঞ্চভাস্কর রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের গান এবং লোকসংগীতের পাশাপাশি বাউল গানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের অনুষ্ঠানে শিল্পীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে।
লাইসা আহমদ লিসা জানান, এবার ২৫০ জনের বেশি শিল্পী সরাসরি অংশগ্রহণ করছেন। যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পী মিলিয়ে এই সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে।
লাইসা আহমদ লিসা বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মানবতার জয়গান গাওয়াই ছায়ানটের প্রধান লক্ষ্য। সংঘাতের পথে না হেঁটে গানের মাধ্যমে আদর্শ প্রচারের ওপর গুরুত্বারোপ করছে ছায়ানট।
তিনি বলেন, ‘গান গাইবার বিরুদ্ধে যে সামাজিক পরিস্থিতি তৈরি হয়, আমরা তার বিরুদ্ধে সরাসরি সংঘাত বা লড়াই করি না। আমরা চেষ্টা করি গানের ভেতর দিয়ে আমাদের কথাগুলো বলতে, সবার প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের কথা বলতে। সর্বোপরি একজন পূর্ণাঙ্গ বাঙালি হয়ে ওঠার যে চেষ্টা, সেই মূলধারার গানের বিস্তারই আমাদের উদ্দেশ্য।’
আয়োজন সফল করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক সম্পন্ন করেছে ছায়ানট। প্রথাগত নিয়ম মেনেই রমনার বটমূলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গত বছরের ধারাবাহিকতায় এবারও ছায়ানট নিজস্ব প্রোডাকশন তৈরি করবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সেই ফিড ব্যবহার করে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এ ছাড়া বেশ কিছু বেসরকারি স্যাটেলাইট চ্যানেলও সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছে।