জামালপুরের মাদারগঞ্জে জানাজা নামাজ শেষে নিজ বাড়ির আঙিনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডে নিহত মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে।
সোমবার (৪ মে) মাগরিব নামাজের পর উপজেলার কড়ুইচূড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নিহত লিমনের ফুফাতো ভাই হাফেজ মাওলানা সাইদুর রহমান।
মাগরিবের নামাজের পর নিহত জামিল আহমেদ লিমনের জানাজায় অংশ নিতে তার বাড়ির পাশে অবস্থিত লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষ জড়ো হন। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমান ছাড়াও পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা এতে অংশ নেন।
জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন লিমনের বাবা জহুরুল হক ও তার ছোট ভাই জুবায়ের হোসেন। এ সময় তারা লিমনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এলাকার মেধাবী সন্তানের এমন নৃশংস মৃত্যুর ঘটনায় সবাই শোকাহত হয়ে পড়েন।
আরও পড়ুন- বাড়ি পৌঁছেছে বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
লিমনের বাবা জহুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে আমি কখনো কষ্ট দেইনি। আমার একটাই কষ্ট আমার ছেলেকে এত কষ্ট দিয়ে কে মারলো, তা জানতে চাই। আমি আমার ছেলেকে কখনো মারিনি, শুধু মুখে শাসন করেছি। সে আমাকে বলত, ‘বাবা, তুমি চিন্তা করো না।’ আমি তার হত্যাকারীদের বিচার চাই।’
নিহতের চাচা সুজন আহমেদ জানান, সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় এবং মাগরিবের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
প্রতিবেশী হৃদয় জানান, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান এবং একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়িতে আসতেন।
মেধাবী শিক্ষার্থী লিমন ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন। ২০২৪ সালের জুলাই মাসে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। গত ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা এলাকায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহ (২৬)-কে গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়।
রিফাত/