সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৩১টি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে সিলেটের কানাইঘাটের ২ বছর ৩ মাস বয়সী হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুরের ১ বছর ৪ মাস বয়সী রাইসা জান্নাত এবং ছাতকের ৮ মাস বয়সী আরিয়া জান্নাত।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২টি শিশু। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭টি শিশু। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০টি এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি শিশু ভর্তি রয়েছে।
এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালসহ হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৭৩ জন শনাক্ত হয়েছে সুনামগঞ্জে।
এদিকে, হাম রোগীদের চাপ বৃদ্ধির কারণে সোমবার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩২ শয্যার একটি হাম ইউনিট চালু করা হয়েছে। নতুন করে বাড়ানো হয়েছে পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্রও। সবমিলিয়ে সিলেটে মোট নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সংখ্যা এখন ২২টি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ বলেন, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় ওসমানী হাসপাতালে স্থান সংকুলান হচ্ছিল না। তাই সোমবার (১১ মে) নতুন করে ওসমানী হাসপাতালের শিশু ওয়ার্ডে চালু করা হয়েছে একটি বিশেষ ‘হাম আইসোলেশন ইউনিট’।
আমান