ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে (৫৭) ছাত্র গণ-অভ্যুত্থানের সময় লালমনিরহাটে বহুল আলোচিত আগুনে পুড়ে ছয়জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রবিবার (১৭ মে) দুপুরে তদন্তে প্রাপ্ত অজ্ঞাতনামা আসামি হিসেবে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম আঙ্গরপোতা এলাকার বঙ্গের বাজার সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ। পরে ওইদিন সন্ধ্যায় তাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে নেওয়া হয়। রাতেই তাকে লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন—সিআরআই’র নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে।
পাটগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অনুপ্রবেশের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে প্রথমে ডিবি পুলিশের হেফাজতে পাঠানো হয়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, “শনিবার রাতে আটক সাব্বির বিন শামসকে সদর থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া আগুনে পুড়ে ছয়জন নিহতের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এসএন/