চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম কামাল তামিম আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার আবাসিক ছাত্র এবং কামিলে অধ্যায়নরত। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মোস্তাকিম কামাল তামিম সিএনজিচালিত অটোরিকশা দিয়ে তার গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তামিম গুরুতর আহত হন এবং ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা চট্টগ্রাম ও কক্সবাজারমুখী হানিফ পরিবহনের ৫টি বাস আটকে প্রতিবাদ জানান। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, হাইওয়ে, ট্রাফিক ও লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আখন্দ দুর্ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে ঘাতক বাস ও চালককে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পাওয়া যায়নি।
আরিফুল ইসলাম/অন্তরা