কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ২৭ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃতরা হলেন- ক্যাম্প-১ ওয়েস্ট সি/৯ ব্লকের শামসু আলমের ছেলে মোঃ জাহিদ হোসেন (৩৮), ক্যাম্প-১ ইস্ট সি/১৫ ব্লকের দিল মোহাম্মদের মেয়ে নুর সেহেরা (১৮) ও একই ক্যাম্পের এ/৪ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে- ৪৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি বিদেশি পিস্তল, ০৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড তাজা গুলি, আনুমানিক ৪ কেজি ২৪০ গ্রাম ওজনের ইয়াবা, ০১টি কালো রঙের ব্যাগ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংরক্ষণ করা হয়েছে।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে ১৪ এপিবিএন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক কারবার ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিদুয়ানুল হক সোহাগ/এসএন