বাংলাদেশে খাবার হোটেলগুলোর খাবারের মান শতভাগ নিশ্চিত করার পাশাপাশি ফুটপাতের খাবারেরও মান নিশ্চিত করা জরুরি। রাজশাহীতে ‘বিশ্ব মেট্রোলজি’ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বুধবার (২০ মে) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, হোটেলের তুলনায় চার-পাঁচ গুণ বেশি মানুষ ফুটপাতের খাবার গ্রহণ করেন। তাই প্রতিটি খাবার হতে হবে নিরাপদ। মোড়কজাত পণ্য ছাড়া কেউ যদি খাবার বিক্রি করে তাহলে সে বিষয়ে কঠোর নজরদারি ও আইন প্রয়োগ করা হবে।
বিএসটিআই একটি জনমুখী ও অ্যাকশন-অরিয়েন্টেড প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব করতে হবে। শুধু ওজন নয়, পণ্যের গুণগত মানও শতভাগ নিশ্চিত করতে হবে। হোটেলে অভিযান চালালেও ফুটপাতে বিক্রি হওয়া খাবারের মান নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন বলে জানান তিনি।
সম্প্রতি ফুচকা খেয়ে একটি পরিবারের চারজনের মৃত্যুর ঘটনাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীদের খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট আইনের আওতায় আসতে হবে। খাবারের ব্যবসায় কোনোভাবেই মানের সঙ্গে আপস করা যাবে না, কারণ এটি সরাসরি মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত।
কিছুদিন আগে তরমুজ খেয়ে একটি পরিবারের চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শহরে নজরদারি বেশি থাকায় তুলনামূলক নিরাপদ পরিবেশ থাকলেও গ্রামে নামহীন ও অনিয়ন্ত্রিত পণ্য বেশি বিক্রি হচ্ছে, যা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিএসটিআইকে ১৬১১৯ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, খাবারের যে সকল অনিয়ম ও ভেজালের খবর আপনাদের কাছে থাকবে সেগুলোর তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাহলে আমরা রাজশাহীকে যেমন বসবাসযোগ্য গ্রিন সিটি করেছি, তেমনি গ্রিন ফুড সিটিও ঘোষণা করতে পারবো।
বিএসটিআইর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. জিয়া উদ্দিন।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
>>আরো পড়ুন
>>বিরিয়ানি ও তরমুজ খেয়ে বিষক্রিয়া, একই পরিবারের ৪ জনের মৃত্যু
>>‘তরমুজ খেয়ে নয়, ইঁদুর মারার বিষে ৪ সদস্যের মৃত্যু’
এনায়েত/আমান