জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চর মাদার গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (২৪ মে) দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য একাধিক মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। হাটে একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। মহিষটি হাটের মধ্যে ছোটাছুটি করতে থাকে এবং উপস্থিত লোকজনকে আক্রমণ করে। এ সময় হাটের লোকজন দৌড়াদৌড়ি শুরু করেন।
এ সময় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ কয়েকজন আহত হন। পরে রুহুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে গতকাল সোমবার রাতে মজিবুর রহমানের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মহিষের আক্রমণে দুইজন মারা গেছেন। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসমাউল আসিফ/অমিয়/