নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খড়াইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ।
নিহত রমজান আলী মণ্ডল উপজেলার ঝলকাহার তেজাপাড়া গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে ঝলকাহার তেজাপাড়ায় তার বাড়িতে যাচ্ছিলেন। পথে খড়াইল মোড়ের ছাইদুলের বয়লার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়েন। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন...
নড়াইলে অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হারুন/নাঈম