মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি করেন।
নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। তিনি ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিকের কাজ করতেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ভালুকার ডুবালিয়াপাড়া এলাকায় দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা তাকে পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দিপু চন্দ্র দাসের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, ‘১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। হত্যায় জড়িতদের চিন্তিত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’
এদিকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে এসেছে দিপু হত্যার ইস্যু। বিবৃতিতে বলা হয়েছে, ‘ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’