সুপ্রিয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমরা নিশ্চয় জানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নম্বর থাকে ৫০। বহুনির্বাচনিতে ২৫ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এ প্লাস পেতে যা মনে রাখবে তা হলো-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ে একই ধরনের দুটি প্রশ্ন থাকে। কিন্তু উত্তর ভিন্ন হয়, এমন প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আসতে পারে। যেমন- একুশ শতকের সম্পদ হলো জ্ঞান এবং পৃথিবীর সম্পদ হলো সাধারণ মানুষ। প্রশ্নগুলো বুঝে তোমরা উত্তর করবে।
দ্বিতীয় অধ্যায়ে আইসিটি যন্ত্র বলতে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন ইত্যাদি বোঝায়। এ ক্ষেত্রে জ্ঞানমূলক ও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তরের সময় বিষয়টি মনে রাখতে হবে। সফটওয়্যার ডিলিট ও আনইনস্টল করা এক কথা নয়। কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাসের নামগুলোর পরিষ্কার ধারণা থাকতে হবে। সিডি, পেনড্রাইভ, মেমোরি কার্ড সহজে ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে। সাধারণ ট্রাবলশুটিংয়ের প্রতিটি সমস্যা ও সমাধানের জন্য বাস্তব জ্ঞান থাকলে ভুল হবে না। যেমন- সিস্টেম চালু না হওয়ার কারণ, মনিটরে কিছু না দেখা, সিস্টেম গরম হয়ে যাওয়া, কম্পিউটার মাঝেমধ্যে শাটডাউন হওয়া, উইন্ডোজ চালুর সময় হ্যাং হয়ে যাওয়া ইত্যাদি। এগুলো প্রাসঙ্গিকভাবে উত্তর করবে।
তৃতীয় অধ্যায়ে ডিজিটাল কনটেন্ট ও এর প্রকারভেদের নাম ও উদাহরণগুলো ভালো করে পড়বে। এ অধ্যায়ে তোমরা প্রায়ই কিছু বিষয়কে একই মনে করে ভুল করো, যেমন- টেক্সট, ছবি, শব্দ, অডিও, ভিডিও, অ্যানিমেশন। তা ছাড়া ই-বুক, ই-বুক রিডার, চৌকস ই-বুক, ভিডিও স্ট্রিমিং, কিন্ডল অ্যাপস সম্পর্কে ভালো ধারণা রাখবে। এ বিষয় থেকে কয়েকটি নাম তোমরা শিখবে, যেমন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস ইঞ্জিনিয়ারিং, ডেটা কমিউনিকেশন। এগুলো গুরুত্ব দিয়ে পড়বে।
চতুর্থ অধ্যায়ে অনেক সময় ব্যবহারিক কিছু অংশের বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে সফটওয়্যারের ভার্সন পরিবর্তনের কারণে তোমরা কিছু কিছু ভুল করে থাক। ওয়ার্ড ২০০৭-এর সঙ্গে ওয়ার্ড ২০১০-এর কিছু পরিবর্তন লক্ষ করা যায়। এ ক্ষেত্রে ব্যবহারিক জ্ঞান থাকলে অসুবিধা হওয়ার কথা নয়। অফিস বাটনসহ এর বিভিন্ন অপশন, যেমন- নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ সম্পর্কে ধারণা রাখতে হবে। হোম ট্যাব, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ইনসার্ট ট্যাব থেকে টেবিল তৈরি করার কৌশল জানতে হবে। এগুলো বুঝে বুঝে পড়বে।
পঞ্চম অধ্যায়ে অন্তর্ভুক্ত বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, ভিডিও, শব্দ বা অডিওর সঙ্গে তৃতীয় অধ্যায়ের বিষয় টেক্সট, ছবি, শব্দ, অডিও, ভিডিও, অ্যানিমেশনে তোমরা ভুল করে থাক। তাই মাল্টিমিডিয়ার অংশসমূহ চিত্র ও গ্রাফিক্স, শব্দ বা অডিও, ভিডিও, অ্যানিমেশন ও ইন্টারঅ্যাকটিভ কম্পিউটিং সম্পর্কে পড়বে। এগুলো গুরুত্ব দিয়ে পড়বে।
এ ছাড়া যা মনে রাখবে তা হলো-
১. প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য ও তত্ত্বগুলো মনোযোগসহকারে পড়বে।
২. পরীক্ষার আগের কয়েকটা দিন পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালো করে রিভিশন দেবে।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর