প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: অর্থায়ন কাকে বলে?
উত্তর: তহবিল সংগ্রহ এবং ব্যবহার-সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অর্থায়ন বলে।
প্রশ্ন: ব্যবসায় অর্থায়ন কী?
উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়ন করে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়।
প্রশ্ন: সরকারি অর্থায়ন কী?
উত্তর: যে অর্থায়নে রাষ্ট্রের কেন্দ্রীয় বা স্থানীয় সরকারের আয়-ব্যয় নীতি, আয়-ব্যয় সমন্বয় নীতি এবং সে সংক্রান্ত সমস্যাগুলো ও তা সমাধানের ব্যবস্থা করা হয় তাকে সরকারি অর্থায়ন বলা হয়।
প্রশ্ন: বেসরকারি অর্থায়ন কী?
উত্তর: সরকারি প্রতিষ্ঠান ছাড়া বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে।
প্রশ্ন: ব্যক্তিগত অর্থায়ন কাকে বলে?
উত্তর: কোনো ব্যক্তি তার নিজস্ব বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য যে অর্থায়ন করে থাকে তা-ই ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়নের ক্ষেত্রে ব্যক্তি প্রথমে আয়ের পরিমাপ নির্ণয় করে এবং এই আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করে থাকে।
প্রশ্ন: পারিবারিক অর্থায়ন কী?
উত্তর: একটি পরিবারের সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য অর্থ সংগ্রহ ও ব্যবহার-সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে পারিবারিক অর্থায়ন বলে।
প্রশ্ন: অব্যবসায় অর্থায়ন কাকে বলে?
উত্তর: মানব কল্যাণে নিয়োজিত অব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক কার্যক্রম সম্পাদনের জন্য অর্থ সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলিকে অব্যবসায় অর্থায়ন বলে।
প্রশ্ন: আন্তর্জাতিক অর্থায়ন কী?
উত্তর: যে অর্থায়ন ব্যবস্থায় আমদানি ও রপ্তানি খাতগুলো এবং আমদানি ও রপ্তানি বাণিজ্যের ঘাটতি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলে।
প্রশ্ন: চলতি মূলধন কাকে বলে?
উত্তর: প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, যেমন- উৎপাদনের জন্য কাঁচামাল কেনা, শ্রমিকদের মজুরি দেওয়া, বিভিন্ন ধরনের প্রশাসনিক ও বাজারজাতকরণ ব্যয় মেটানোর জন্য যে তহবিল ব্যবহার করা হয় তাকে চলতি মূলধন বলা হয়।
প্রশ্ন: মূলধন বাজেটিং সিদ্ধান্ত কী?
উত্তর: দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলা হয়।
প্রশ্ন: অর্থায়ন সিদ্ধান্ত কাকে বলে?
উত্তর: বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল কোন কোন উৎস থেকে, কীভাবে, কত সময়ের জন্য এবং কোন সময় সংগ্রহ করা হবে সেগুলো যথাযথভাবে নির্ধারণ করাই হলো অর্থায়ন সিদ্ধান্ত।
প্রশ্ন: তহবিল বণ্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত কী?
উত্তর: অর্জিত মুনাফার কত অংশ বা কী পরিমাণ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হবে এবং কত অংশ বা কী পরিমাণ ভবিষ্যতে পুনরায় বিনিয়োগের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হবে, সে সংক্রান্ত সিদ্ধান্তকেই তহবিল বণ্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত বলা হয়।
প্রশ্ন: পোর্টফোলিও কাকে বলে?
উত্তর: পোর্টফোলিও হচ্ছে দুই বা তার অধিক আর্থিক সম্পদের সমাহার।
প্রশ্ন: পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি কী?
উত্তর: পোর্টফোলিও বৈচিত্রায়ন নীতি হলো বিনিয়োগকারী তার সঞ্চিত তহবিল একটি কোম্পানির আর্থিক সম্পদে বিনিয়োগ না করে একাধিক কোম্পানির আর্থিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়।
প্রশ্ন: সামষ্টিক অর্থনীতি কী?
উত্তর: সামষ্টিক অর্থনীতি হলো একটি দেশের সার্বিক অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক কাঠামো, রাজস্ব নীতি ও আর্থিক নীতি নির্ধারণ, নিয়ন্ত্রণসহ সামগ্রিক প্রক্রিয়াই সামষ্টিক অর্থনীতি। যেমন- সামগ্রিক চাহিদা, সামগ্রিক জোগান, সামগ্রিক আয় ইত্যাদি।
প্রশ্ন: ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন- একক ব্যক্তির চাহিদা, একক ব্যক্তির জোগান, একক ব্যক্তির আয় ইত্যাদি।
প্রশ্ন: ব্যবস্থাপকীয় অর্থায়ন কাকে বলে?
উত্তর: ব্যবস্থাপকীয় অর্থায়ন বলতে আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যকে বোঝায়। আর্থিক ব্যবস্থাপক প্রত্যক্ষভাবে ব্যবসার আর্থিক কার্যাবলির ব্যবস্থা করে থাকে। সেগুলো হলো- ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের মাধ্যমে। অর্থায়নের মৌলিক সিদ্ধান্তগুলো হলো- বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থায়ন সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর