প্রথম অধ্যায় : অর্থায়নের সূচনা
(গত ১২ আগস্ট প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করার মাধ্যমে ঝুঁকি হ্রাস করে, এটিই পোর্টফোলিও বৈচিত্র্যায়নের ধারণা।
তহবিল বিনিয়োগের ক্ষেত্রে পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও তা হ্রাস পায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে পণ্যের বিক্রি হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রি দিয়ে ব্যবসার হ্রাস করা বিক্রি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হয়। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের ধারণাটির ভূমিকা অপরিসীম।
প্রশ্ন: সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত, ব্যাখ্যা করো।
উত্তর: কোম্পানির শেয়ারের বাজারমূল্য বা নিট বর্তমান মূল্য বৃদ্ধি করার প্রচেষ্টাকে সর্বাধিকরণ বলে।
কোম্পানির মালিকদের সম্পদের পরিমাপ করা হয় শেয়ারের বর্তমান বাজারমূল্যের মাধ্যমে। একটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে সম্পদ সর্বাধিকরণ বর্তমানে বিশ্বব্যাপী অধিক গ্রহণযোগ্য। মুনাফা সর্বাধিকরণে যেসব সমস্যা রয়েছে তা সম্পদ সর্বাধিকরণে দূর করা সম্ভব। এ ছাড়া সম্পদ সর্বাধিকারণের লক্ষ্যে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত এসব কারণে সম্পদ সর্বাধিকরণ কোম্পানির মূল লক্ষ্য হওয়া উচিত।
প্রশ্ন: অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয় কেন?
উত্তর: অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয়। অর্থায়নের নানাবিধ নীতি বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসার জগতে মুনাফা অর্জন ও টিকে থাকতে হলে ব্যবসায়ীকে কীভাবে সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে অর্থের সদ্ব্যবহার করতে হয় সে সম্পর্কে ধারণা দেয়। তা ছাড়া প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের খরচ ন্যূনতম রাখার ক্ষেত্রে অর্থায়ন বিশেষ ভূমিকা রাখে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন সর্বাধিক হয়। অর্থায়ন প্রক্রিয়া বিভিন্ন পরিস্থিতি বিচার-বিশ্লেষণের মাধ্যমে সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ সহায়তা করে এবং অর্থের প্রবাহকে সুষ্ঠু ও সুচারুভাবে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালায়। তাই অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকাশক্তি বলা হয়।
প্রশ্ন: সম্পদ সর্বাধিকরণ কীভাবে করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: একটি ব্যবসা প্রতিষ্ঠান দুই ভাবে সম্পদ সর্বাধিকরণ করতে পারে। প্রথমত, কোম্পানির শেয়ারের বাজারমূল্য সর্বোচ্চকরণের মাধ্যমে। কারণ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক। তাই শেয়ারের বাজারমূল্য বৃদ্ধি পেলে শেয়ারহোল্ডারদের সম্পদই বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, প্রকল্পের নিট বর্তমান মূল্য সর্বোচ্চকরণের মাধ্যমে। কারণ, নিট বর্তমান মূল্যের মাধ্যমে সম্পদের পরিমাপ করা যায়।
প্রশ্ন: ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
উত্তর: ব্যবসায়ের সঙ্গে বিভিন্ন পক্ষ জড়িত থাকে; যেমন- শেয়ারমালিক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সরকার, ঋণদাতা প্রভৃতি। এসব স্বার্থসংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের যে দায়বদ্ধতা তাকে ব্যবসার সামাজিক দায়বদ্ধতা বলে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর