ষষ্ঠ অধ্যায় : বস্তুর উপর তাপের প্রভাব
( গত ১৫ নভেম্বর প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: তামার আপেক্ষিক তাপ 400 Jkg-1K-1 বলতে কী বোঝায়?
উত্তর: তামার আপেক্ষিক তাপ 400Jkg-1K-1 বলতে বোঝায়-
১. 1kg তামার তাপমাত্রা 1K বাড়াতে 400J তাপের প্রয়োজন হয়।
২. 1kg ভরের তামার তৈরি কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা 400JK-1।
প্রশ্ন: তামার আয়তন প্রসারণ সহগ 50.1 x 10-6 K-1 বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো।
উত্তর: 1m3 আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে।
তামার আয়তন প্রসারণ সহগ 50.1 x 10-6 K-1 বলতে বোঝায় 1m3 আয়তনের তামার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে আয়তন
50.1 x 10-6 K-1 বৃদ্ধি পাবে।
প্রশ্ন: দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা পৃথক হতে পারে কি? ব্যাখ্যা করো।
উত্তর: তাপ সমান হওয়া সত্ত্বেও দুটি বস্তুর তাপমাত্রা পৃথক হতে পারে।
দুটি অসমান ভরের পানির পাত্রকে একই সময় ধরে তাপ দিতে থাকলে দেখা যাবে বেশি ভরের পাত্রটির তাপমাত্রা কম হয়। আবার একটি তামা ও একটি লোহার দণ্ডকে একই তাপ দিয়ে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখা যাবে তামা থেকে লোহা তাপ গ্রহণ করবে এবং তামা তাপ বর্জন করবে।
আরো পড়ুন : বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের ৯টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
প্রশ্ন: দেহ থেকে ঘাম বের হলে পাখার বাতাসে ঠাণ্ডা অনুভূত হয় কেন?
উত্তর: দেহ থেকে ঘাম বের হলে পাখার মাধ্যমে বাতাস সরাসরি ঘামের পানির সংস্পর্শে আসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি না হলে তা এই পানি শোষণ করে নেয়। এ সময় পানি তরল থেকে বাষ্পাবস্থায় রূপান্তরিত হওয়ার জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শরীর গ্রহণ করে বলে শরীর ঠাণ্ডা অনুভূত হয়।
প্রশ্ন: প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কেন?
উত্তর: প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে কারণ, প্রেসার কুকারের মধ্যে চাপ অনেক বেশি থাকে। চাপ বাড়লে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাই প্রেসার কুকারে পানি বেশি তাপমাত্রায় ফুটতে থাকে। প্রেসার কুকারের মধ্যে পানির তাপমাত্রা বেশি হওয়ায় এতে রান্না তাড়াতাড়ি করা যায়। তাই প্রেসার কুকারে রান্না করলে সময় কম লাগে।
প্রশ্ন: তাপধারণ ক্ষমতা কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ঢাকা
কবীর