জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন করার সময়সীমা তৃতীয় দফায় বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আবেদনকারীদের জমা করা ফির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে প্রত্যেক আবেদনকারী থেকে ৭০০ টাকা নির্ধারিত খাতে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে। এ অর্থ আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।
কবীর