ভারতের আলোচিত রিয়েলিটি শো ‘বিগ বস’। বিশেষ করে বলিউড ভাইজান সালমান খানের জন্যই বেশি আলোচিত এই শো। কারণ এই শো সঞ্চালনা করেন সালমান খান। গত ৫ অক্টোবর শুরু হয়েছে বিগ বস-এর ১৮তম সিজন।
বরাবরের মতো এবারও এর সঞ্চালনায় আছেন সালমান খান। ইতোমধ্যে এর এক পর্বে বিনোদনের জন্য একটি গাধাকে নিয়ে হাজির হয়েছেন খোদ সালমান খান নিজেই। এরপর পড়েছেন বিপাকে। এজন্য প্রাণী রক্ষা সংস্থাসহ বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি পাঠানো হয় আইনি নোটিশও। এরপর বাধ্য হয়েই গাধাটিকে শো থেকে সরিয়ে দেন বিগ বস কর্তৃপক্ষ। এবার আলোচনায় আসল এর প্রতিযোগীদের পারিশ্রমিকের বিষয়টি। এ নিয়ে শুরু হয়েছে এর সেট এবং সেটের বাইরে কানাঘুষা।
বিগ বসে কারা অংশগ্রহণ করবেন, বিভিন্ন যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেই প্রতিযোগীদের নির্ধারণ করা হয়। এবারের আসরে মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তাদের সবাই অনলাইন ও মিডিয়া জগতে পরিচিত মুখ, সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে একেক জনের বিশাল ভক্তকুল।
এবারের প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন টেলি-দুনিয়ার হার্টথ্রব ভিভিয়ান ডিসেনা। অতীতেও বহুবার বিগ বসের প্রস্তাব পেয়েছিলেন তিনি। অবশেষে রাজি হয়েছেন এই অভিনেতা।
তবে অবাক করা ব্যাপার হলো, তিনি সিজন ১৮-এর প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিলেও তা সিজন ১৭-এর ফাইনালের প্রতিযোগী অঙ্কিতা লোখান্ডের পারিশ্রমিকের চেয়ে ৫৩ শতাংশ কম। ভিভিয়ান এই শো থেকে প্রতি সপ্তাহে পাচ্ছেন ৫ লাখ রুপি। অন্যদিকে অঙ্কিতা প্রতি সপ্তাহে পেতেন ১২ লাখ রুপি এবং সিজন-১৭ শেষ করে তিনি ঘরে ফিরেছিলেন ১ কোটি ৮০ লাখ রুপি নিয়ে।
বিজয়ী হওয়ার স্বপ্ন নিয়ে বিগ বস-১৭ তে পা রেখেছিলেন অঙ্কিতা। সেই শোতে প্রতিযোগী হিসেবে ছিলেন তার স্বামী ভিকি জৈনও। কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক ছাপিয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন তারা। বিগ বস গ্র্যান্ড ফিনালেতে চতুর্থ স্থান থেকে ছিটকে পড়েন অঙ্কিতা। তবে ঘরে ফিরলেও মোটা অঙ্কের টাকা পুঁজি করেন এই তারকা।
হাসান