মহান বিজয় দিবস উপলক্ষে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন কনসার্টের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে সরাসরি গানে গানে দর্শকদের মাতাবেন দেশের কিংবদন্তি শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকারা। একক শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলোও কনসার্টে গাইবেন। বিজয় দিবসের বিভিন্ন কনসার্ট নিয়ে খবরের কাগজের আজকের আয়োজন-
বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টের নাম ‘সবার আগে বাংলাদেশ’।
এ বছর সর্বজনীনভাবে বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
সম্প্রতি ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানান তারা।
এ্যানি বলেন, ‘সবার আগে বাংলাদেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।’
ইতোমধ্যেই কনসার্টের থিম সং ‘নতুন সূর্য নতুন এক গান আগলে রাখে আমায় এই মাটির ঘ্রাণ’ প্রকাশ করা হয়েছে।
এই কনসার্টে গাইবেন দেশের সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, নগরবাউল তারকা জেমস। ব্যান্ডের মধ্যে রয়েছে ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। এ ছাড়া আরও গাইবেন মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এদিকে বিজয় দিবসে লন্ডনে আয়োজন করা হয়েছে জনপ্রিয় চিরকুটের একক উন্মুক্ত কনসার্ট। এর নাম ‘লাভ বাংলাদেশ’। নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে আজ ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা অবধি চলবে এই কনসার্ট।
১৪ ডিসেম্বর নিউসাউথ ওয়েলসের বিজয় দিবসের অনুষ্ঠানে গেয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা। দেশে ফিরে আজ রাজধানীর বিজয় দিবসের কনসার্টে গান গাইবেন এই তারকা রকস্টার।
হাসান