আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে ফেব্রুয়ারি। এ দিনটি বাঙালির জাতির জীবনে এক গৌরবময় ও আত্মত্যাগের দিন। শহিদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে প্রাণের বাংলা ভাষা। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। শহিদদের স্মরণ করে দেশের টেলিভিশন চ্যানেলগুলো দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব আয়োজন নিয়ে সাজানো হয়েছে আজকের রঙ।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানসূচি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। দিনব্যাপী সম্প্রচারিত অনুষ্ঠানমালায় সকাল ১০টায় রয়েছে নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, ১০টা ৪০ মিনিটে ‘শিশুতোষ অনুষ্ঠান’, ১১টা ২০ মিনিটে ‘কবিতা আবৃত্তি’। বিকাল সাড়ে ৪টায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। বিনোদ রায়ের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেছেন শফি মণ্ডল, সাজিয়া সুলতানা পুতুল, বশিরুজ্জামান সাব্বির, ঝিলিক, কামরুজ্জামান রাব্বি, মুহিন ও স্বরলিপি। বিকেল ৫টা ৪০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘কথাসাহিত্যে অমর একুশে’, ৬টা ২০ মিনিটে গীতিনৃত্যনাট্য ‘একুশের চেতনায় জাতিসত্তা ও স্বাধীনতা’। বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ভাষাভাষীদের নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। সাড়ে ৮টায় রয়েছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘বর্ণমালার গান’। জামিউর রহমান লেমনের রচনায় এটি প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। এতে অভিনয় করেছেন নাজিয়া ফারহা, কবির হোসেন, জেবা জান্নাত, হুমায়ূন কাবেরী, গাজী ফারুক প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে- আবির, শুভ ও নিশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করার পর বাংলা ভাষাতত্ত্ব ও বর্ণমালা বিকাশের ওপর পিএইচডি করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি শিক্ষার্থী লারা। গবেষণার কাজ সম্পন্ন করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ভিনদেশি শিক্ষার্থী লারা বাংলা ভাষার ইতিহাস জানতে গিয়ে অবাক হয়। সে জানতে পারে কীভাবে একটি জাতি তথা বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের রক্ত দিয়েছে। একুশে ফেব্রুয়ারিতে পিএইচডি শিক্ষার্থীরা একুশের অনুষ্ঠানের আয়োজন করে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। রাত ১০টায় রয়েছে ‘আলেখ্যানুষ্ঠান’। এটিএন বাংলায় ভাষা আন্দোলন নিয়ে তথ্যচিত্র ‘সেই দিনের কথা’ প্রচারিত হবে দুপুর ৩টা ১০ মিনিটে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন কে এম মাহমুদ হাসান। ভাষা সৈনিক আহমদ রফিকের জবানিতে অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির স্মৃতিবিজড়িত উত্তাল দিনের কথা। বায়ান্নর ভাষা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার চাক্ষুস সাক্ষী তিনি। সে সময় তিনি ঢাকা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ভাষাসৈনিক আহমদ রফিকের স্মৃতি রোমন্থন ছাড়াও তথ্যচিত্রটিতে থাকছে ফাগুনের অগ্নিঝরা দিনের দুর্ভল আলোকচিত্র, বই ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের স্থিরচিত্র।
এনটিভি সকাল ৬টা ১০টা থেকে সরাসরি সম্প্রচার হবে ‘একুশের প্রভাতফেরি’। সকাল ৯টায় ছুটির দিনের গানে সরাসরি গাইবেন শিল্পী শাহীন সামাদ। রাত ১১টা ১৫ মিনিটে একুশের বিশেষ আয়োজন: রূপকথার রাত। সরাসরি। অতিথি থাকবেন মাতিয়া বানু শুকু ও কারিক মানজুর। উপস্থাপনা: জয়া সাহা ও মামুনুর রশীদ।
বাংলাভিশনে একুশে ফেব্রুয়ারি নিয়ে থাকছে বিশেষ অনুষ্ঠান- ‘আমার মায়ের ভাষা আমার ভালোবাসা’। মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহিদদের আত্মত্যাগ ও ভাষা শহিদদের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ এই অনুষ্ঠান ‘ভালোবাসার মাতৃভাষা’। অনুষ্ঠানে অতিথি রবীন্দ্র সংগীতশিল্পী দেবলীনা সুর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন এবং দেশ ও ভাষার গান করেছেন। পাশাপাশি থাকছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির পরিবেশনায় বৃন্দ আবৃত্তি। সাকিলা মতিন মৃদুলার আবৃত্তি ও সঞ্চালনায় এবং রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় ‘আমার মায়ের ভাষা আমার ভালোবাসা’ বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৫টা ১০ মিনিটে।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। লিটু সোলায়মানের প্রযোজনায় সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গাইবেন দিনাত জাহান মুন্নী। ভাষার জন্য যারা দিয়ে গেছে প্রাণ, আমায় গেঁথে দাও না মাগো, আমার আট কোটি ফুল, ফেব্রুয়ারির একুশ তারিখ, মাগো আর কোনোদিন তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, যদি মরণের পরে, দাম দিয়ে কিনেছি বাংলা অন্যতম। সকাল ৯টা ১০ মিনিটে থাকবে সাদাকালো যুগের চলচ্চিত্রের গান নিয়ে একুশে ফেব্রুয়ারি বিশেষ ‘মিউজিক অ্যালবাম’। রাত ৮টা ৩০ মিনিটে সরাসরি প্রচার হবে বৈশাখী ফোক। লিটু সোলায়মানের এতে অংশ নেবেন সাদিয়া লিজা ও শরীফ কিশোর। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে তিনটি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মধুমালা মদনকুমার’। অভিনয়ে- সাত্তার, অঞ্জু, টেলি সামাদ প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘আলোর মিছিল’। অভিনয়ে- রাজ্জাক, ববিতা, রোজী, আনোয়ার হোসেন প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘ভালো মানুষ’। অভিনয়ে- বুলবুল আহমেদ, ববিতা, আনোয়ার হোসেন প্রমুখ। ভাষা দিবসের বিশেষ নাটক ‘ভাষা ও ভালোবাসা’। রাত ১০টায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন জার্মানির অভিনেত্রী ইভা মজিউল, আরিফিন শুভ, বড়দা মিঠু, অয়ন চৌধুরী, পৃথু প্রমুখ। রফিকুল ইসলাম পল্টুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন লুৎফুন নাহার মৌসুমী। মাছরাঙা টেলিভিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে জোবায়ের ইকবালের প্রযোজনায় প্রামাণ্যচিত্র ‘মাতৃভাষা’। রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘বর্ণমালার মিছিল’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌটুসী, রওনক হাসান প্রমুখ।