ভারতের জনপ্রিয় অস্কারজয়ী সুরকার, সঙ্গীত প্রযোজক ও শিল্পী এ আর রহমানের সঙ্গে গত বছরের শেষ দিকে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন স্ত্রী সায়রা বানু। কিন্তু বিচ্ছেদেই যে সব শেষ নয় তা প্রমান করে দিলেন এআর রহমান। এবার নিজের অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি সায়রা বানু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার জরুরি অস্ত্রোপচার করা হয়। যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ঘনিষ্ঠরা। এ কঠিন সময়ে তার পাশে ছিলেন সাবেক স্বামী এ আর রহমান।
সায়রার আইনি পরামর্শদাতা বন্দনা শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সায়রার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
সায়রার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বন্দনা লেখেন, কিছু দিন আগেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সায়রা রহমানকে। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার। এমন এক কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র লক্ষ্য। রহমানের সাবেক স্ত্রীর সঙ্গে অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তার স্ত্রী শাহিদারও সুসম্পর্ক রয়েছে। ওই বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন, লস অ্যাঞ্জেলেসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এআর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য।
মেহেদী/