আসছে একশো শিল্পীর কণ্ঠে একশো ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে এই গানগুলো গেয়েছেন দেশের ১০০ জন শিল্পী। গত ১৯ ফেব্রুয়ারি এফডিসিতে সেট তৈরি করে সকাল ৯টা থেকে রাত ২টা পর্যন্ত গানগুলোর শুটিং করা হয়। পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক শিল্পীরা ঠোঁট মিলিয়েছেন।
এই প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ডি জে রাহাত। গানগুলোর মিউজিক প্রোগ্রামিংয়ের দায়িত্বে রয়েছেন আদিব কবির ও শান সায়েক।
ডি জে রাহাত পুরো প্রজেক্ট বিদেশে বসে নিয়ন্ত্রণ করলেও ১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে দেশে এসেছিলেন তিনি। কাজ শেষ করে ২০ ফেব্রুয়ারি আবারও বিদেশে চলে গেছেন এই জনপ্রিয় তারকা।
এ বিষয় সম্পর্কে আদিব বলেন, ‘আমরা ৩০ দিনে গানগুলো তৈরি করেছি। একদিকে মিউজিক প্রোগ্রামিং হয়েছে, অন্যদিকে হয়েছে ভয়েস নেওয়ার কাজ। শিল্পীরা আমাদের সহযোগিতা করেছেন বলেই এত সহজে এ রকম একটা বড় প্রজেক্ট করতে পেরেছি। আমার বিশ্বাস, গানগুলো সবার ভালো লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমরা পরের সিজন নিয়েও পরিকল্পনা করেছি। আশা করছি, আরও ১০০ গান নিয়ে কাজ করব। বাংলাদেশের ফোক গান খুব সমৃদ্ধ। দেখি কতগুলো গান আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে আনতে পারি।’
জানা গেছে- ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডি জে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেলে।
/শাকিল