দুনিয়াব্যাপী জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর পরিচালক রবার্ট জেমেকিস। গুণী এই নির্মাতার পরবর্তী ‘লাস্ট মিসেস প্যারিশ’ ছবিতে এবার কাজ করতে যাচ্ছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এর আগে ২০২১ সালে লিভ কনস্ট্যান্টাইনের সর্বাধিক বিক্রীত বইটির স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। এবার এই উপন্যাসটির ওপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি করা হবে।
ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, এই মনস্তাত্ত্বিক থ্রিলারটিতে একজন বিকৃত প্রতারক শিল্পীর গল্প বলা হবে- যিনি এক ধনী দম্পতি, প্যারিশকে তার পরবর্তী শিকার হিসেবে লক্ষ্য করেন।

তার মূল লক্ষ্য, পরবর্তী মিসেস প্যারিশ হওয়া। এই লক্ষ্য নিয়ে তিনি মিসেস প্যারিশের সঙ্গে বন্ধুত্ব করেন এবং তার স্বামীকে প্রলুব্ধ করে দম্পতির মধ্যে অনুপ্রবেশ করেন। কিন্তু পরে জানতে পারেন যে, মিসেস প্যারিশের জীবন তার কল্পনার চেয়েও অনেক বেশি জটিল। ছবিটির চিত্রনাট্য লিখছেন আন্দ্রেয়া বার্লফ এবং জন গ্যাটিনস।
যদিও ২০২১ সালে যখন ‘দ্য লাস্ট মিসেস প্যারিশ’-এর ওপর ভিত্তি করে সিনেমা তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল, তখন লিসা রুবিন (যিনি নেটফ্লিক্সের টিভি সিরিজ ‘জিপসি’ তৈরি করেছিলেন)কে মূলত চিত্রনাট্য লেখার জন্য নিয়োগ করা হয়েছিল। ভ্যারাইটি অনুসারে এমনটাই জানা গেছে। তবে পরে সেটি পরিবর্তন করা হয়।

প্রযোজকদের মধ্যে রয়েছেন থ্রিডট প্রোডাকশনের লিজা চ্যাসিন, সামথিং হ্যাপি প্রোডাকশনের মলি সিমস এবং নুয়োরিকান প্রোডাকশনের লোপেজ, এলেন গোল্ডস্মিথ-থমাস এবং বেনি মেডিনা।
লোপেজ সম্প্রতি অনুপ্রেরণামূলক ক্রীড়া নাটক ‘আনস্টপেবল’-এ অভিনয় করেছেন। পরবর্তী সময়ে পরিচালক বিল কন্ডনের ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’-এর মিউজিক্যাল রিমেকেও দেখা যাবে এ আমেরিকান অভিনেত্রীকে।
‘দ্য লাস্ট মিসেস প্যারিশ’-এর নির্মাতা জেমেকিসের চলচ্চিত্র তালিকার মধ্যে রয়েছে ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘ব্যাক টু দ্য ফিউচার’, ‘হু ফ্রেমড রজার র্যাবিট’, ‘কাস্ট অ্যাওয়ে’ এবং ‘দ্য পোলার এক্সপ্রেস’-এর মতো সিনেমা।
/শাকিল