এখন চলছে তটিনী ও নিহাদের ট্রেন্ডিং সময়। সেই ধারাবাহিকতায় এই ঈদে তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহার গতিবিধি বেশ ভালো। এর মধ্যে তার দুটি নাটক যুক্ত হয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে।
এর মধ্যে নাটক ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয় শীর্ষে। সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকটি জায়গা করে নেয় শীর্ষস্থান। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখেরও বেশি। নাটকে নিহার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।
ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকের পাশাপাশি নিহার আরও একটি নাটক রয়েছে ট্রেন্ডিং তালিকায়। নাটকটির নাম ‘ঘ্রাণ’। ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ১০ জুন। মুক্তির দুই দিনে এটি তিন মিলিয়নের মতো ভিউ স্পর্শ করে। ঈদের নাটকের মধ্যে এটির অবস্থান চারে হলেও দেশে সার্বিক ইউটিউব কনটেন্টের বিচারে ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান এখন ৮ নম্বরে! যা ক্রমশ উপরের দিকে উঠছে বলেই জানালেন সংশ্লিষ্টরা।
মাশরিকুল আলম পরিচালিত ‘ঘ্রাণ’ নাটকে নিহার সহশিল্পী ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। নিহা বলেন, আমার অভিনীত ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ অনেক দর্শক দেখছেন, ভালো লেগেছে। এত কম কাজ করি, তার পরও দর্শক আমার নাটক দেখেন; এটি আমার জন্য আশীর্বাদ। দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা আমার নাটকগুলো দেখছেন। আমার দুটি কাজ এবার ট্রেন্ডিংয়ে আছে, যা সত্যিই আমার জন্য উৎসাহজনক।
প্রসঙ্গত, এই তো সেদিন, ২০২৩ সালে ঈদুল ফিতরে প্রবীর রায় চৌধুরীর ‘লাভ সেমিস্টার’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নাজনীন নাহার নিহার।
/এমএস