জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড। বর্তমানে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় পার করা এই তারকা ঘোষণা দিয়েছেন, ২০২৭ সালে তিনি দীর্ঘ একটি বিরতি নেওয়ার পরিকল্পনা করছেন।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির মাধ্যমে আবারও আলোচনায় আসা ২৯ বছর বয়সী এ অভিনেতা বলেন, তিনি তার কাজ ও ক্যারিয়ারের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কিন্তু অতিরিক্ত মানসিক চাপ এড়াতে ও নিজের মানসিক সুস্থতা বজায় রাখতে বিরতি নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি।
সম্প্রতি ‘জিকিউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘আপনি প্রতিটি ছবিতে কাজ করতে পারবেন না এবং যখন আপনি ক্লান্ত থাকেন তখন আপনি আপনার সেরা কাজটিও করতে পারবেন না। আমি যা শিখেছি তা হলো নিজের সীমা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত কাজ সম্পর্কে সচেতন থাকা।’
উল্লেখ্য, আগামী বছর টম হল্যান্ডের জন্য ব্যস্ত একটি বছর হতে যাচ্ছে। ২০২৬ সালে তার বড় বাজেটের দুটি সিনেমা- ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তি পেতে যাচ্ছে। এই ব্যস্ত সময়ের পরই নিজেকে কিছুটা ছুটি দিতে চান বলে জানান তিনি। হলিউড অভিনেতা বলেন, ‘আমি সম্ভবত ২০২৭ সালে আরও কিছুটা সময় ছুটি নেব, দেখা যাক।’
প্রসঙ্গত, এর আগেও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে দেখা গেছে এ অভিনেতাকে। নিজের মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখতে ২০২২ সালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেন এবং মদ্যপান ত্যাগ করেন। পাশাপাশি ‘দ্য ক্রাউডেড রুম’ সিরিজে কাজ করার সময় মানসিক চাপের কারণে কিছু সময়ের জন্য বিরতিতে যেতে বাধ্য হন বলেও জানান।
এ ছাড়া ব্যক্তিগত জীবনেও স্থির হতে চান এ অভিনেতা। ‘মেনস হেলথ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হল্যান্ড ইঙ্গিত দিয়েছেন, তিনি ভবিষ্যতে বিয়ে করে নিজের পরিবার শুরু করার পর অভিনয় থেকে সরেও দাঁড়াতে পারেন। এ প্রসঙ্গে হল্যান্ড বলেন, ‘গল্ফ এবং বাবা। এভাবে আমি পৃথিবীর মুখ থেকে অদৃশ্য হয়ে যাব।’
২০২৬ সালের ৩১ জুলাই টম হল্যান্ডের তুমুল আলোচিত ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি নিয়ে ইতোমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
/এমএস