সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হলো জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার ৫ আগস্ট বেলা ১১টায় শুরুতেই সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।
দিনব্যাপী একে একে নানা ব্যান্ড ও শিল্পীরা এই আয়োজনে পরিবেশনা করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সায়ান, ইথান বাবু ও মৌসুমী, সোলস, ওয়ারফেজ, আর্টসেলের মতো ব্যান্ডগুলো পারফর্ম করবে। দুপুর ২টা ৪০ মিনিটে গাইবেন সায়ান ও ৩টায় ইথুন বাবু এবং মৌসুমী দর্শকদের গানে গানে মাতাবেন।
অনুষ্ঠানে আর থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা।
অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় থাকছে জাতীয় সংসদ সচিবালয়।
অনুষ্ঠানে থাকছে ধর্মীয় বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা। এই অনুষ্ঠানটি রাত ৮টা পর্যন্ত চলবে।
/এমএস