ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ দিয়ে অভিনয় জগতে যিনি যাত্রা শুরু করেন। আর অভিষেক সিরিজেই ‘সানসা স্টার্ক’ চরিত্রে অভিনয় করে সব আলো নিজের করে নেন এ তারকা।
পরে ২০১৯ সালে প্রেমিক জো জোনাসকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। কিন্তু গত বছর জনপ্রিয় এই জুটির বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তবে জোনাসের সঙ্গে বহুল আলোচিত বিবাহবিচ্ছেদের পর এবার আর যুক্তরাষ্ট্রে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অভিনেত্রী সোফি টার্নার। দুই কন্যাকে নিয়ে লন্ডনে ফিরে আসা ‘গেম অফ থ্রোনস’-খ্যাত এই তারকা জানান, নিজ দেশে ফিরে এখন তিনি শান্তি ও স্বত্বার অনুভূতি খুঁজে পেয়েছেন।
২৯ বছর বয়সী টার্নার সম্প্রতি ফ্লান্ট ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আমেরিকায় কাটানো সময় তাকে পরিবার ও বন্ধুদের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করেছে। তাই সন্তানদের নিয়ে এখন লন্ডনেই থাকতে চান তিনি।
প্রাক্তন এই দম্পতি বর্তমানে ইতিবাচকভাবে তাদের দুই সন্তান- পাঁচ বছর বয়সী উইলা ও তিন বছর বয়সী ডেলফাইনের অভিভাবকত্ব পালন করছেন। এর আগে গত বছর সোফি তার প্রাক্তন স্বামী জোনাসকে ‘একজন অসাধারণ বাবা’ বলে স্বীকৃতি দিয়েছিলেন। এমনকি সন্তানদের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেছিলেন তারা।
/এমএস