জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। কখনো সংসার ভাঙন আবার কখনো নতুন প্রেমের গুঞ্জন। কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের খবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের জানিয়েছিলেন ঢাকাই সিনেমার এই তারকা। তবে সংসার ভাঙনের আগে থেকেই মিডিয়াতে চাউর আছে মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন শুভ।
মাঝে মাঝে এই গুঞ্জন প্রবল বেগে আঘাত হেনেছে শুভ ও ঐশীর দরজায়। তবে বিষয়টি নিয়ে কখনো তেমনভাবে মুখ খোলেননি দুজনের কেউই। কিন্তু গণমাধ্যমে বরাবরই দুজন দুজনকে ভালো বন্ধু ও সহকর্মী দাবি করেছেন। যদিও ব্যক্তিজীবন নিয়ে শুভ বরাবরই স্পষ্টভাষী এবং আড়ালপ্রিয় মানুষ। তবে এবার নতুন করে প্রেমের গুঞ্জনের পালে হাওয়া দিলেন শুভ ও ঐশী দুজনেই। কারণ এবার তারা দুজনের ফেসবুক আইডিতে একসঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেছেন। ২৫ নভেম্বর সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ছবিতে ঐশীকে দেখা গেছে শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন তিনি; ছবির মাধ্যমেই যেন নিজেরাই বলছে তাদের গল্প। রহস্যময় ক্যাপশনে আরিফিন শুভ লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’
অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ দুটি ছবি, দুটি বাক্য—কিন্তু সুর ও আবেগ যেন একই পিয়ানোতে বাজছে।
এর পর থেকেই আবারও পুরোনো গুঞ্জন নতুন করে মাথাচাড়া দিয়েছে। ভক্ত-অনুরাগীদের মনে এই ছবি দুটি ছুড়ে দিয়ে পুরোনো প্রশ্নের নতুন উত্তর। তাহলে কি শুভ–ঐশী সত্যিই প্রেম করছেন, নাকি সিনেমার প্রচারের জন্য নতুন কৌশল এঁকেছেন দুজনে। আবার কেউ কেউ বলছেন, শুভর সংসার ভাঙনের পর ঐশীকে হয়তো বিয়ে করেছেন তিনি।
এর মাঝেই শোনা যাচ্ছে, শুভ ও ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ দেখা যায়। সামাজিক যোগাযোগের বিভিন্ন গ্রুপে সিনেমাটি নিয়ে আলোচনা করতে দেখা যায় শুভর ভক্তদের। এ সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী পরিচালিত দীর্ঘদিন ধরেই আটকে থাকা এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। এমন ঘোষণা দিয়েছেন নির্মাতা ও প্রযোজক।
সিনেমাটি আদৌও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না, তা পরিষ্কার করেননি তারা। তাই শুভ ও ঐশী এই ছবি প্রকাশের পর নেটিজেনদের কাছে তৈরি হয়েছে আবারও কৌতূহল। অনেকেই বলছেন, এই ছবি প্রকাশের মাধ্যমে প্রেমের কথা সামনে এনেছেন নাকি সিনেমা প্রচারের নতুন অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন এই ছবি। তবে এর কোনো ব্যাখ্যা আপাতত শুভ ও ঐশীর পক্ষ থেকে কেউই পরিষ্কার করে কিছুই বলেননি।
/এমএস