দর্শকদের আরও কাছাকাছি পৌঁছাতে ও প্রচারণার অংশ হিসেবে এবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে হাজির হন ‘লাক্স সুপারস্টার-২০২৫’ প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগী। গতকাল বুধবার আয়োজিত এই রোডশোতে অংশ নিয়ে তারা স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। প্রিয় তারকাদের একনজর দেখতে সেখানে ভিড় করেন উৎসুক জনতা।
গ্র্যান্ড ফিনালের আগে দর্শকদের সঙ্গে প্রতিযোগীদের সংযোগ স্থাপনের লক্ষ্যে দেশজুড়ে এই রোডশোর আয়োজন করা হয়েছে। এর আগে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একই ধরনের কার্যক্রম পরিচালিত হয়। মতিঝিলের এই আয়োজনে সেরা পাঁচ প্রতিযোগী স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা প্রতিযোগিতার অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গ্র্যান্ড ফিনালের জন্য সবার কাছে ভোট ও সমর্থন চান।
সেরা পাঁচে জায়গা করে নেওয়া প্রতিযোগীরা জানান, বাংলাদেশের তরুণ নারীদের জন্য লাক্স সুপারস্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ। সাত বছরের বিরতির পর এই আয়োজন তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে। লাক্সের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। শুরুতে এই আয়োজনের ব্যাপ্তি সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না। সেরা পাঁচে আসার পর এর বিশালতা ও প্রভাব বুঝতে পারছেন। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এখান থেকে অর্জিত শিক্ষা ভবিষ্যতের পথচলায় কাজে লাগাতে চান।
আয়োজকরা এজিবি কলোনি ও মতিঝিল এলাকার বাসিন্দা, স্থানীয় প্রশাসন, মিডিয়া পার্টনার এবং ব্যবসায়ীদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
/আবরার জাহিন