বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবনে ২০২৫ সালের নভেম্বরে যোগ হয়েছে নতুন আনন্দ। মা–বাবা হওয়ার সুখবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই দম্পতি।
সন্তান জন্মের পর থেকেই অনুরাগীদের কৌতূহল ও আগ্রহের অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই ছেলের প্রথম ঝলক শেয়ার করেছেন ভিকি ও ক্যাটরিনা। একই সঙ্গে প্রকাশ করেছেন সন্তানের নামও।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, মা–বাবার হাতের মাঝে ছোট্ট একজোড়া নরম হাত—সদ্যোজাত সন্তানের। ছবির ক্যাপশনে তারকাদম্পতি লেখেন, ‘আমাদের আলোকরশ্মি—বিহান কৌশল।’ এই একঝলকেই আবেগে ভেসে যান ভক্তরা ও বলিউড অঙ্গনের তারকারা। ভালোবাসা আর শুভকামনায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
ছেলের আগমনে অনুভূতির কথা জানিয়ে ভিকি–ক্যাটরিনা লেখেন, ‘ঈশ্বর আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন। জীবন যে কত সুন্দর, তা নতুন করে উপলব্ধি করছি। এক মুহূর্তেই যেন আমাদের পুরো পৃথিবী বদলে গেছে। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানা নেই।’
উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া ও রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের সংসার আলো করে আসে পুত্রসন্তান বিহান কৌশল।
/এসএল