সাহিত্য সমালোচক আনিসুজ্জামানের মূল্যায়ন: ‘কবিতায় কখনো তিনি সীমা লঙ্ঘন করেন না। এই সংযম তাঁর স্বভাবজাত নয়, অর্জিত, এবং সংযমের ফলে তাঁর অনেক কবিতা বলা না বলার আলোছায়ায় ঘিরে থাকে। স্তবক, চরণ, শব্দ সরিয়ে সরিয়ে পাঠককে তার অন্দরমহলে প্রবেশ করতে হয়। প্রায় চল্লিশ বছরের সাধনায় আবু হেনা বিস্তর ফসল ফলাননি বটে, কিন্তু যা ফলিয়েছেন তার অধিকাংশই স্বর্ণশস্য। আরও আশ্চর্য এই যে, নিজেকে নতুন করে নিতে তাঁকে বেশি কালক্ষয় করতে হয়নি, অধিক ভাবতে হয়নি।’...
বরেণ্য শিক্ষাবিদ আবু হেনা মোস্তফা কামালের জন্ম ১৯৩৬ সালের ১৩ মার্চ পাবনা জেলার গোবিন্দা গ্রামে। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই আবু হেনা ছিলেন সংস্কৃতিপ্রেমী। নিয়মিত লিখতেন কবিতা আর গান। প্রথম কাব্যগ্রন্থ ‘আপন যৌবন বৈরী’ (১৯৭৪) এবং গবেষণা প্রবন্ধ ‘শিল্পীর রূপান্তর’ (১৯৭৫)। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক (১৯৮৭), সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (১৯৯১)-সহ অসংখ্য পুরস্কার। মৃত্যু ১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর। বাবা এম. শাহজাহান আলী ও মা খালেসুননেসা।