রাস্তা সবার জন্য, রাস্তা খোলা থাক
কঠিন শব্দ আজ রাত্রি ঘন করে
বাচনিক খিদেটুকু গভীর নির্বাক।
কেউ কেউ স্বাধীনতা চুষে নেয়
কেউ কেউ মৃত ছালে সবুজ রগড়ায়
শূন্যতা দুহাত ভরা, শত প্রাণ ঝোলে শূন্যতায়।
আমাদের মেঠো গুড় আমাদের আখ ভরা খেত
তিলজলা ছেলেপুলে
সামান্য জমি ও জিরেত
দেশি শব্দের হাওয়া, শ্রমে ছাওয়া ঘর
কী ঝড়ে যে কেঁপে ওঠে, কোথাকার বিনাশী খবর
ভাঙে রাস্তার দেহ, ভেঙে দেয় তিলজলা মন
বিভেদ ধনুক চলে, আগুনের তীর
মেধাবী দক্ষিণা নামে ছড়ায় দহন।
রাস্তা সবার জন্য, রাস্তা খোলা থাক
বাঁচুক সবুজ ইচ্ছা, মিতালি কথারা
আবার ফুলের গানে সুগন্ধি হৃদ্যতা পাঠাক।
রাত শুনি, রাত বাজে ঝনঝন দুর্বার
অনেক সংগীত ভেলা মূর্ছায় বিকল
কী করে উদ্ধার হবে সূর্যখেত টুকু!
কবন্ধ লীলায় বাড়ে নিশি পারাবার।