একাত্তরের ইতিকথা
ওয়ালিউল ইসলাম
শ্রেণি: মুক্তিযুদ্ধের গল্পকথা
প্রকাশনী: মওলা ব্রাদার্স
প্রকাশকাল: এপ্রিল ২০২৬
পৃষ্ঠা: ৩৯২, মূল্য: ৭৫০ টাকা
ইতিহাস ও ইতিকথার পার্থক্য রয়েছে। ইতিহাসে ঘটনার বিবরণ থাকে, আর ইতিকথায় থাকে গল্প। এ বইটির বৈশিষ্ট্য হলো, এতে মুক্তিযুদ্ধকালের ঘটনার বিবরণ আছে গল্প বলার ভঙ্গিতে। এ কারণে বইটি প্রশংসনীয় সাহিত্যিক মান অর্জন করেছে। এ বইয়ে লেখকের বাস্তব অভিজ্ঞতা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ে এটি একটি ব্যতিক্রমী বই। লেখকের গভীর বিশ্লেষণ, তথ্য, তত্ত্ব ও অসাধারণ রসবোধ পাঠককে আগ্রহী করে তুলবে। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। যুদ্ধের জন্য একটি জাতি কীভাবে জেগে উঠেছিল, প্রশাসনিকভাবে কার কেমন ভূমিকা ছিল, আবার প্রশাসনে ভেতরের দ্বন্দ্ব-সংঘাত, কলকাতায় প্রবাসী সরকারের কার্যক্রম কেমন করে পরিচালিত হচ্ছিল, এসব অনেক বিষয় এতে আছে। মুক্তিযুদ্ধ নিয়ে যেসব বই প্রকাশিত হয়েছে, তার মধ্যে এ বই গুরুত্বপূর্ণ সংযোজন। সিরাজুল ইসলাম চৌধুরী ‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থ সম্পর্কে বলেছেন, ‘বইটিতে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা আছে। লেখক উপন্যাসের মতো করে মুক্তযুদ্ধের চরিত্রগুলো তুলে এনেছেন। এ মানুষগুলো আমাদের অনেকের চেনা। অনেকে বেঁচে আছেন, অনেকে নেই। মুক্তিযুদ্ধ এবং পরের অনেক ঘটনা এখনো অজানা। রাষ্ট্র, সমাজ, মানুষ সম্পর্কে তেমন অনেক অজানা ঘটনা লেখক অকপটে বর্ণনা করেছেন।’
মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা
মশিউল আলম (সম্পাদক)
শ্রেণি: সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা
প্রকাশক: নূরজাহান বেগম
প্রকাশকাল: বর্ষ ৪২, খণ্ড ৮৫, ডিসেম্বর ২০২৫
পৃষ্ঠা: ২৮৮, মূল্য: ৫০০ টাকা
মীজানুর রহমানের ত্রৈমাসিক সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক একটি সাময়িক পত্রিকা। যা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। নিয়মিত তিন মাস পর পর প্রকাশিত হয়। একটা সময় ছিল, যখন সাময়িক পত্রিকাগুলোতে নানা বিষয়ে বিশদ, গভীর, চিন্তা-উদ্দীপক, চিত্তাকর্ষক প্রবন্ধ প্রকাশিত হতো। অবশ্য ইদানীং কিছু তরুণের প্রবন্ধ জাতীয় পত্রিকায় লেখা চোখে পড়ছে, বৈচিত্র্যে এসেছে। ধর্ম, দর্শন, অধিবিদ্যা, ইতিহাস, ভাষা, মনস্তত্ত্ব ইত্যাদি নানা বিষয়ে লেখা হচ্ছে। ত্রৈমাসিক সাহিত্য ও সাময়িক পত্রিকার এ সংখ্যায় তেমনই কয়েকজনের লেখা নির্বাচন হয়েছে- লাসলো ক্রাসনাহোরকাই নোবেল বক্তৃতা, সাজ্জাদ শরিফ, লব হোসাইন, মুরাদুল ইসলাম, আরিফ রহমান, পারুল সেহগাল, উম্মে ফারহানা, রেইমন্ড কারভার, মহিউদ্দিন আহমদ, মশিউল আলম, শিবলী আজাদ, পুলিন বকশী, বাসুদেব দাসগুপ্ত, সুহান রিজওয়ান, নিয়াজ মেহেদী, মিনহাজুল ইসলাম, পিয়েল আর. পার্থ, ইমতিয়ার শামীম, আহমাদ মোস্তফা কামাল, স্বকৃত নোমান, মোজাফ্ফর হোসেন, কিযী তাহনিন। বিশেষ ক্রোড়পত্র: সদ্যপ্রয়াত সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন থাকছে, তার সম্পর্কে স্মৃতিচারণ এবং তার গল্প-উপন্যাস নিয়ে কিছু আলোচনা।
গ্রন্থনা: ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন