সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২ দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতি আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এর প্রথম দিন আগামী ১৩ আশ্বিন ১৪৩২/ ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে পরিবেশিত হবে যাত্রাপালা ‘মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গা’। যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী এবং পরিবেশনায় থাকবেন মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থা।
দুইদিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ এর সমাপনী দিন আগামী ১ অক্টোবর ২০২৫, বুধবার সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৯.০০টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরতেই ঢাক-ঢোলের বাদ্যের মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে। এরপর শুভেচ্ছা বক্তব্য দিবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে। অনুষ্ঠানে দলীয়ভাবে পরিবেশিত হবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান। একক সংগীত পরিবেশন করবেন শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা।
উল্লেখ্য যে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মতো ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়। অনুষ্ঠানসমূহ সবার জন্য উন্মুক্ত থাকবে।
জয়ন্ত সাহা/সুমন/