আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রংপুর বিভাগীয় বইমেলা।
সোমবার (১০ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন- বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোত্তালেবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক রোখসানা বেগম, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক এনামুল হক, রংপুর চেম্বারের পরিচালক সুলতানুল আলম বুলবুল, রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জাসাসের রাসু প্রমুখ।
এ সময় ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তথ্য অফিস, জাতীয় গ্রন্থকেন্দ্র, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের প্রায় ৪০ জন সরকারি কর্মকর্তা অংশ নেন।
সভা শেষে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা এবং স্থানীয় লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের উৎসাহিত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ১৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ রংপুরের ৭০টিরও বেশি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। স্টলের পাশাপাশি প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাও থাকবে। সেরা স্টল ও সেরা সাংস্কৃতিক দলকে দেওয়া হবে পুরস্কার।
বইমেলা উপলক্ষে অনলাইন ও অফলাইনে ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সেলিম সরকার/রিফাত/