কোটা সংস্কার দাবি আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ১৭ সদস্যের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবে।
বুধবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম বলেন, ‘ছাত্র জনতার চব্বিশের বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতার দায়িত্ব বাংলাদেশ সরকারের। ছাত্রদের পক্ষ থেকে সরকারের সঙ্গে সমন্বয় করবে এই কমিটি। এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। কোন প্রকার অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা আহত বা নিহত পরিবারকে সরাসরি কোনো আর্থিক সহায়তা প্রদান করবে না। সমন্বয়ক বা অন্য কোন পরিচয়ে কেউ যদি ভুয়া চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে, তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দায়ী থাকবে না।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কিংবা এই উপ-কমিটির অনুমোদিত ভলিন্টিয়ার ব্যতীত কোন ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোন পরিচয়ে হাসপাতাল পরিদর্শনের নামে হাসপাতালের চিকিৎসাসেবা প্রদানে ব্যঘাত ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এছাড়া ওই সংবাদ সম্মেলনে আহত বা নিহতদের তথ্য প্রেরণের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর: ১৬২৬৩, হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর: ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬১৯৫৪১৯২ এবং ০১৮১৮২৭৯২১৭, ০১৪০০৭২৮০৮০ নম্বর জরুরি প্রয়োজনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদা বুশরা ইতি। এছাড়া বাকি সদস্যরা হলেন- তারেকুল ইসলাম, আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মো. মাসউদুজ্জামান, মো. রাসেল মাহমুদ, মো. রিয়াজ উদ্দিন সাকিব, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, ডা. মো. মনিরুজ্জামান, ডা. আতাউর রহমান রাজিব, ডা. ইফফাত জাহান নাদিয়া, মাহমুদুল হাসান, মো. মেহেদি হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. মাশরাফি সরকার, শাহরিয়ার হাসনাত তপু, মো. রামিম খান ও আবির হাসান।
আরিফ জাওয়াদ/এমএ/