দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তবে চলবে শাটডাউন।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন বোটানি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।
তিনি বলেন, ‘বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এ ছাড়া অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেওয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।’
তিনি আরও বলেন, ‘যদিও আমরা অনশন প্রত্যাহার করেছি, তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’
আরেক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, ‘কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। ১৫ জানুয়ারি সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে, বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দেবে। আর ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।’
উল্লেখ্য, গতকাল রবিবার (১২ জানুয়ারি) থেকে শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন নিশ্চিত করা এবং অস্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবি জানিয়ে অনশন শুরু করেন।
মুজাহিদ/সালমান/