খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুরে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় মিছিলটি নগরীর লালবাগ থেকে শুরু হয়ে নেস্কো মোড় ঘুরে আবারও লালবাগ এসে শেষ হয়।
এদিকে একই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং ১০টায় প্রধান ফটকে শুরু করে মর্ডান মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা কুয়েটে শিক্ষার্থীর ওপর হামলাকারীদের বিচার দাবি করেন। সেই সঙ্গে যারা লেজুড়বৃত্তিক রাজনীতি করবে, তাদের স্থায়ী বহিষ্কার করারও দাবি জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করেন উপাচার্য।
এ সময় সন্ত্রাসীদের আস্তানা শিক্ষাঙ্গনে হবে না, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সমাবেশ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, জেলা যুগ্ম আহ্বায়ক তারেক ইমতিয়াজ রেভিন প্রমুখ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন সমন্বয়ক শামসুজ্জামান সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার রহমত আলীসহ ছাত্র প্রতিনিধিরা। তারা বলেন, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যারাই করবে, তাদেরকেও ছাত্রলীগের পরিণতি ভোগ করতে হবে।
সেলিম সরকার/জোবাইদা/