রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে পড়ে। এতে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
এ সময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো বিভিন্ন ভাড়া বাসায় পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে শিক্ষার ও পাঠদানের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর ধারাবাহিকভাবে মহাসড়কে প্রতীকী ক্লাস, মৌন মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দাবি না মানা হলে আগামী ৬ আগস্ট অবস্থান কর্মসূচি ও শিকল ভাঙার গান, ৭ আগস্ট অবস্থান কর্মসূচি ও অর্ধবেলা প্রশাসনিক কর্মবিরতি এবং ১০ আগস্ট পূর্ণবেলা প্রশাসনিক কর্মবিরতি, আলোচনা, সেমিনার ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সিরাজুল/সালমান/




