জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
তালিকা অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭ জন, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯জন, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ১৩ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক ১৩ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ৯জন, সাংস্কৃতিক সম্পাদক ৯জন, সহসাংস্কৃতিক সম্পাদক ১১ জন, নাট্য সম্পাদক ৭জন, ক্রীড়া সম্পাদক ৫জন, নারী সহক্রীড়া সম্পাদক ৬জন, পুরুষ সহক্রীড়া সম্পাদক ৬জন, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক ১৪ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ১৪ জন, নারী সহসমাজসেবা সম্পাদক ৫জন, পুরুষ সহসমাজসেবা সম্পাদক ৯জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক ১২ জন, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক ৭জন, নারী কার্যকরী সদস্য ১৭ জন এবং পুরুষ কার্যকরী সদস্য পদে ৩২ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
মোট ২৭৬টি মনোনয়নপত্র জমা পড়লেও প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২০ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে খসড়া তালিকায় প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬। প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন। ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুনানি শেষে বিকাল ৪টায় আপিলের রায় ঘোষণা করা হবে।
এর পর ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। সবশেষে ২৯ আগস্ট বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
অধ্যাপক ড. রাশিদুল আলম বলেন, “জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা ছাড়া এ প্রক্রিয়া সফল হবে না।”
সবকিছু ঠিক থাকলে আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমানউল্লাহ/মৌসুমী/