চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন আগামী ১২ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন।
ইতিমধ্যে তৈরি হয়েছে নির্বাচনের খসড়া ভোটার তালিকা, যা প্রকাশ হবে ১ সেপ্টেম্বর। ভোটার তালিকা নিয়ে আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৪ সেপ্টেম্বর। মনোয়নপত্র বিতরণ ও জমা ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।
ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর (রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
চাকসুর পাশাপাশি হল সংসদের নির্বাচনও একযোগে অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মোটে ছয় বার নির্বাচনের আয়োজন করতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসন। সবশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
নাঈম আল আরাফ/অমিয়/