ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের এক দিনের মাথায় বেশ জোরেশোরে চলছে ডাকসু ভবন সংস্কার ও প্রস্তুতের কাজ। এদিকে নির্বাচিতদের অভিষেকের দিনক্ষণের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি, শিগগিরই এই দিনক্ষণ চূড়ান্ত করা হবে। ধারণা করা হচ্ছে, ২-১ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে অভিষেকের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। এদিকে নির্বাচিতদের অভিষেককে ঘিরে প্রস্তুত করা হচ্ছে ডাকসু ভবন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। স্যাঁতসেঁতে অবস্থায় রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষ। এ ছাড়া কোনো কোনো কক্ষের কম্পিউটার অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে। জিএস-এজিএসসহ অন্যদের নেমপ্লেট থাকলেও ভিপির কক্ষে নেমপ্লেট নেই। জিএস-এজিএসের কক্ষে ডেস্কটপ কম্পিউটার থাকলেও ভিপির কক্ষে তা নেই। জানা গেছে, এর আগে সবশেষ ২০১৯ সালে নির্বাচিত ভিপি নুরুল হক নুরের ওপর হামলার এক ঘটনায় ভিপির কক্ষের ক্ষতি সাধিত হয়। তখন থেকে ভিপির কক্ষে কোনো নেমপ্লেট এবং ডেস্কটপ নেই।
জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর থেকে ডাকসু ভবন পরিদর্শন করা হয়েছে। শিগগির ভবনটির সংস্কারসহ প্রয়োজনীয় আসবাবপত্র মেরামতের দরপত্র দেওয়া হবে।
প্রায় ২১ বছর ধরে ডাকসু ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন মো. সুজন। তিনি খবরের কাগজকে বলেন, ‘ইতোমধ্যে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করে ফেলেছি। কিছু সংস্কারের কাজ বাকি আছে; সেসব অভিষেকের আগে হবে না পরে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমার ধারণা, নির্বাচিতরা দায়িত্ব নেওয়ার পরই হয়তো পুরো কাজ সম্পন্ন করা হবে।’
প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আক্রাম হোসেন খবরের কাগজকে বলেন, ‘আমাদের প্রকৌশল দপ্তর ডাকসু ভবন পরিদর্শন করেছে। আশা করি, শনিবার থেকে ভবন রং করার কাজ শুরু হবে। যেহেতু এখনো অভিষেকের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি; আমরা চেষ্টা করব সেভাবেই প্রস্তুতি সেরে ফেলতে।’
সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার ১২ দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হয়। এবার নির্বাচিতদের অভিষেক কবে হবে, তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া ও মোনাজাত
গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচনে জয়লাভ করা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পুরো প্যানেলের সদস্যরা রাজধানী রায়েরবাজারে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেন।