ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটন শিল্পের ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের (ফোহটেম) যৌথ আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট-বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটন শিল্পের ওপর বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও উৎসব এবং বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কিল টেস্ট, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, বিতর্ক, পাবলিক স্পিকিং, গেম শো এবং কালচারাল শো অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ‘বাংলাদেশ গট ট্যালেন্ট’ প্রতিযোগিতা।
আয়োজকরা বলছেন, এমন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরার মাধ্যমে নিজেদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার সম্ভাবনা ও স্বপ্ন নতুন করে তৈরি হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার উৎসবের উদ্বোধন করেন।
পরে সমাপনী অনুষ্ঠানে বিজনেস জিনিয়াস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি সাদমান মুজতবা রাফিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ ইডি এবং ডিভিশনাল সিইও বাহাউদ্দিন মিয়া, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার (বাংলাদেশ ব্রাঞ্চ) ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন অধ্যাপক ড. সৈয়দ আক্তার হোসাইন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মাদ জাকির খান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের ম্যানেজার জাহিদা বেগম, ডেপুটি ম্যানেজার শেখ মেহদী হাসান, বিজনেস জিনিয়াস বাংলাদেশের সভাপতি এম এ নাহিয়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি এবং সহযোগী হিসেবে ছিল আতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রম।
জাওয়াদ/এসজি/