শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ সিদ্ধান্ত নেন এই দুই বিভাগের শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এ সময় রেজিস্ট্রার দপ্তর ও প্রক্টর অফিসের সামনেও অবস্থান নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে গোল চত্বরে বিক্ষোভ সমাবেশে এ সিদ্ধান্ত জানায় তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা প্রহসনের বহিষ্কার মানিনা মানবো না, প্রশাসন না প্রহসন/ প্রহসন প্রহসন, উই ওয়ান্ট জাস্টিস/ জাস্টিস জাস্টিস, সাস্টিয়ান সাস্টিয়ান/ এক হও এক হও,সাস্টিয়ান সাস্টিয়ান/ এক হও লড়াই এসব শ্লোগান দেন।
এ সময় শিক্ষার্থীরা বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়ে বলেন, ব্যাচ মিটিংকে র্যাগিং আখ্যা দিয়ে প্রশাসন দমননীতি গ্রহণ করে নগ্ন ক্ষমতা প্রদর্শন করছে। বিগত সময়ের মতো এখনও প্রশাসন শিক্ষার্থীদের মধ্যে বৈরিতা সৃষ্টির জন্য র্যাগিং দমনের নামে যে বহিষ্কারাদেশে মেতে উঠেছে তা লজ্জাজনক। আমরা প্রহসনের বহিষ্কার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। অবিলম্বে বহিষ্কার আদেশ বাতিলের জন্য দাবি করছি। একইসঙ্গে আমরা ক্লাস, পরীক্ষা ও সব প্রকার একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। দাবি আদায় না হওয়া অবধি আমাদের আন্দোলন চালিয়ে যাব। বরাবরের মতো যৌক্তিক দাবি আদায়ে এক হয়ে লড়াই করব।
ইসফাক আলী/সুমন/




