নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে শিগগিরই শুরু হতে যাচ্ছে একটি নতুন স্কুলের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগটি এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে।
নোবিপ্রবির একাডেমিক ভবন-৩ প্রকল্পের সঙ্গে প্রস্তাবিত এই স্কুলের অনুমোদন প্রি-একনেক সভায় ইতোমধ্যে পাস হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক।
শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের নোবিপ্রবি ক্যাম্পাসে কোনো স্কুল নেই। ফলে অনেক শিক্ষক-কর্মকর্তা শুধু এই কারণেই ক্যাম্পাসে থাকতে চান না। নোয়াখালীতে ভালো মানের স্কুলেরও অভাব রয়েছে। তবে আশার কথা হলো, নোবিপ্রবিতে খুব শিগগিরই একটি স্কুলের কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এটি নোয়াখালীর সেরা একটি স্কুল হিসেবে গড়ে তোলা। এটি শুধু নোবিপ্রবির পরিবার নয়, বরং পুরো এলাকার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।’
উপ-উপাচার্যের মতে, স্কুলটির মান নির্ভর করবে শিক্ষকতার মানের ওপর। তাই নিয়োগ প্রক্রিয়ায় থাকবে লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও ভাইভা। যাতে করে যোগ্য ও দক্ষ শিক্ষক বাছাই করা যায়। সরকার নতুন বেতন স্কেলও দেবে, ফলে মেধাবী শিক্ষক আকৃষ্ট করার সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও যোগ করেন, ‘সেরা শিক্ষকরা এই স্কুলকে নোয়াখালীর সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন- এই স্বপ্ন দেখি। আর এই স্বপ্নপূরণ না হওয়ার কোনো কারণ দেখি না। পূরণ হবে ইনশাআল্লাহ।’
নোবিপ্রবি ক্যাম্পাসে স্কুল প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। তাদের আশা, এটি শুধু বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, পুরো এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।
কাউসার/এসজি/

