যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর ২০২৫) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। এ সহযোগিতার ফলে উত্তরাঞ্চলের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান বের করার পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার মাধ্যমে প্রায়োগিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে যৌথ কাজের নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এবং শিক্ষার্থীদের নানা গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করেছে।
তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা ও স্কলারশিপ প্রদানের আহ্বান জানান।
ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ের অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অংশীজনরা উপকৃত হবেন। তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের সমন্বয়ে অর্জিত এই জ্ঞান ও গবেষণা উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের হেড অব প্রোগ্রাম মো. এনামুল হক সরকার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহিনুল হাসানসহ সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজম/মেহেদী/




