বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ স্থগিতের বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগকে ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে কমিশন জানায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলাকালে ভোটার তালিকায় উল্লেখযোগ্য অসঙ্গতি শনাক্ত হওয়ায় নীতিগত কারণে নির্বাচন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এটি কোনো পক্ষের চাপ বা প্রভাবের কারণে নয়।
বিবৃতিতে বলা হয়, আজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে কমিশন এক গোষ্ঠীর চাপে নির্বাচন স্থগিত করেছে—যা অত্যন্ত দুঃখজনক এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কমিশন কখনোই কোনো ব্যক্তি বা গ্রুপের স্বার্থে কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।
কমিশন আরও জানায়, কিছু শিক্ষার্থী অযাচিতভাবে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করে অসংলগ্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, যা কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে।
কমিশন বলেছে, ভুল ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন পরিচালনা করলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল। তাই প্রয়োজনীয় সংশোধন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়। সংশোধন কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ার পরই পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে।
বিবৃতিতে নির্বাচন কমিশন শিক্ষার্থীদের প্রতি আহ্বান, গুজব, অপপ্রচার ও ভুল তথ্য পরিহার করে দায়িত্বশীল আচরণ করতে। কমিশন একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সুমন/