রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয় ২৪ হলের শেখ মুজিবের ম্যুরালের স্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের ম্যুরাল স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) এ ম্যুরাল উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ নামকরণ করেন শিক্ষার্থীরা। তারা হলের প্রবেশমুখে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলেন। পরবর্তী সময়ে হল সংসদ নির্বাচনের পর শিক্ষার্থীদের দাবি ও হল সংসদের উদ্যোগে সেখানে শহিদ আবু সাঈদের ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজয় ২৪ আবাসিক হলের ভিপি (সহসভাপতি) রাসেল মিয়া বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। এরপর আমরা প্রশাসনের কাছে দাবি জানাই নতুন ম্যুরাল স্থাপনের জন্য। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম জুলাই গণ-অভুত্থ্যানকে ধারণ করে বা জুলাইয়ের স্মৃতি রক্ষা করে এমন ম্যুরাল যেন ওখানে স্থাপন করা হয়। পরবর্তী সময়ে হল সংসদের উদ্যোগে এবং প্রশাসনের সহায়তায় শহিদ আবু সাঈদের ম্যুরাল স্থাপন করে প্রশাসন।’
বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, ‘জুলাই পরবর্তী সময় থেকেই হলের আবাসিক শিক্ষার্থীদের দাবি ছিল হলের নাম বিজয় ২৪ করা হোক। শিক্ষার্থীদের দাবিতেই প্রশাসনের পক্ষ থেকে নতুন ম্যুরাল স্থাপন করা হয়।’