রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে গিয়ে দিব্য জ্যোতি সাহা নামে এক পরীক্ষার্থী আটক হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষায় রাবির জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে।
অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময় ফোন ব্যবহার করা অবস্থায় আটক করেছি। তার কাছে হেডফোন ও মোবাইল ফোন ছিল। সে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিল। ওই শিক্ষার্থীকে এখনও প্রক্টর অফিসে রাখা হয়েছে। আমরা আরও খোঁজ নিচ্ছি, এরপর তাকে পুলিশের হাতে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হবে।
জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম। কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করব না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজকের ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬ টি । সে হিসেবে আসনপ্রতি লড়ছেন ৮২ জন। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষার মধ্যে দিয়ে এবারের সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে।
দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫টি আঞ্চলিক বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শাকিবুল/নাঈম




