বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় মাঠে শুরু হওয়া এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।
‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার জয়ন্ত গমেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার প্রশান্ত থিওটনিয়াস রিবেরু।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি, এসএমআরএ-র নেতৃত্বে অতিথিরা আসন গ্রহণ করেন।
পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অতিথিদের সম্মানে বিদ্যালয়ের নিজস্ব সংগীত পরিবেশনা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি।
প্রধান অতিথি ফাদার প্রশান্ত থিওটনিয়াস রিবেরু বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নয়, মানসিক দৃঢ়তা ও চরিত্র গঠনেও অপরিহার্য ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়ায় অংশগ্রহণের মাধ্যমে তারুণ্যকে সুস্থ ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.অমিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাজমুন নাহার, থানা একাডেমিক সুপারভাইজার, গুলশান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও দৈনিক খবরের কাগজের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা, বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি।
অনুষ্ঠানে শপথ গ্রহণ, মশাল প্রজ্বালন ও মাঠ প্রদক্ষিণ, শরীরচর্চা, কুচকাওয়াজ, দলগত ডিসপ্লে প্রদর্শনীসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা দৌড়, যেমন খুশি তেমন সাজো, পিলো পাসিংসহ নানা খেলায় অংশ নেয়।
শিক্ষকদের জন্যও কয়েকটি আনন্দময় ইভেন্টের আয়োজন ছিল।
দুপুরে টিফিন বিরতির পর পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক সিস্টার মেরী সুপ্রীতি জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
আরাফাত রহমান/অমিয়/