আবাসিক বাসা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবাইদা ইসলাম ইতি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জুবাইদা ইসলাম ইতি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পিয়ন ছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী এলাকার একটি আবাসিক বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেহেরচণ্ডীর একটি আবাসিক বাসা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই বাসায় তার মায়ের সঙ্গে থাকতেন তিনি।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়ে বলেন, আত্মহত্যা করা ওই শিক্ষার্থীকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, ‘আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে বিষণ্নতা থেকে এমনটি হতে পারে। মরদেহের ময়নাতদন্ত আগামীকাল সকালে করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
শাকিবুল/রিফাত/